এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল বাজার সংলগ্ন স্টীল ব্রিজের পাশে নির্মাণাধীন নতুন একটি ব্রিজের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে আনন্দ টিভির সাংবাদিক ওবায়দুর রহমান হামলা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল প্রায় ৫টার দিকে নির্মাণাধীন ব্রিজের কাজের মান নিয়ে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যান সাংবাদিক ওবায়দুর রহমান। তিনি সেখানে ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহের চেষ্টা করলে ঠিকাদার সোহেল ও তার সহযোগীরা এতে বাধা দেন।
একপর্যায়ে সাংবাদিকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা সৃষ্টি হলে তাকে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। এতে তিনি আহত হন।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
অভিযুক্ত ঠিকাদার সোহেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “বিষয়টি দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

