ওমর ফারুক, নরসিংদী প্রতিনিধি:
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সদস্য, সিরাজগঞ্জ ওমেন চেম্বার অব কমার্সের সভাপতি এবং রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জান্নাতুল হক শাপলা।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও এলাকায় ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি। ধর্মীয় ক্ষেত্রেও মসজিদ, মন্দির, মাদরাসা ও এতিমখানায় নিয়মিত সহযোগিতা প্রদান করে আসছেন।
রাজনৈতিক দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশে থেকে এককভাবে সমর্থন জুগিয়েছেন জান্নাতুল হক শাপলা। এ সময় তিনি একাধিক হামলা ও মামলার শিকার হন। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন সময়ে তাকে আত্মগোপন করে থাকতে হয়েছে বলেও জানা গেছে।
রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল শিল্প উদ্যোক্তা। শিল্প পরিবারে জন্ম নেওয়া জান্নাতুল হক শাপলা নিজ উদ্যোগে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সহধর্মিণী।
গত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রায়পুরা আসনে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সঙ্গে থেকে সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের মতে, নরসিংদীসহ বিভিন্ন এলাকায় আন্দোলন-সংগ্রামে তার সাহসী ও দৃঢ় অবস্থান তাকে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তিনি এগিয়ে রয়েছেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
মনোনয়ন জমা দেওয়ার পর জান্নাতুল হক শাপলা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এলাকার পরিকল্পিত উন্নয়ন এবং মানুষের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করাই হবে আমার প্রথম দায়িত্ব। নরসিংদী ও রায়পুরাসহ দেশবাসীর সার্বিক উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য।”
তিনি আরও বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, মারামারি-দাঙ্গা, লুটপাট, অগ্নিসংযোগ, ছিনতাই, মাদক, নারী নির্যাতন ও দুর্নীতিসহ সব ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।”
দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যবসায়িক দক্ষতার সমন্বয়ে জান্নাতুল হক শাপলা সংরক্ষিত নারী আসনের একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে।

