নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী রহমান পৃথক পাঁচ মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, পাঁচ মামলার মধ্যে চারটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলো হলো— ফতুল্লা থানা-য় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা।
অপর মামলাটি হয়েছে সদর মডেল থানা-য়। এতে তার বিরুদ্ধে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এক পর্যায়ে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দিলেও আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন। পরবর্তীতে ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

