ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমাতে হবে।
মঙ্গলবার (২৩ জুন) পশ্চিম তীরের গুশ এৎজিয়ন এলাকায় রিজার্ভ যুদ্ধ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, ইসরায়েলকে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হতে হবে। তার ভাষায়, “গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ, তবে এখন আমাদের নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন, ইসরায়েল বর্তমানে ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠিন পরিস্থিতির মুখোমুখি। এই পরিস্থিতিতে দেশের সামরিক শক্তি আরও বৃদ্ধি করা জরুরি।
নেতানিয়াহু সতর্ক করে বলেন, আগামী কয়েক দশকে ইসরায়েলের নিরাপত্তা ও অবস্থান নির্ভর করবে তার নিজস্ব সামরিক সক্ষমতার ওপর। এ কারণে এখন থেকেই প্রতিরক্ষা খাতে বড় ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র–ইসরায়েল সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই মন্তব্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।

