হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক অভিযানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইরান দাবি করেছে, তারা তাদের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন অত্যাধুনিক ‘এমকিউ-৯’ ড্রোন ভূপাতিত করেছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বুধবার (১০ জুন) ভোরে দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে ড্রোনটি শনাক্ত করার পর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে লক্ষ্য করে ধ্বংস করে।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো অনুপ্রবেশের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে।
এদিকে, এর আগের ঘটনায় হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ইরানের প্রতিরক্ষা স্থাপনাগুলো লক্ষ্য করে মার্কিন বাহিনী বিমান হামলা চালায় বলে দাবি করা হয়।
ইরানের পক্ষ থেকে আরও বলা হয়, মার্কিন হামলার জবাবে তাদের বাহিনীও বিভিন্ন সামরিক অবস্থানে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। পাশাপাশি বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলার দাবিও করেছে তেহরান।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তাদের সর্বশেষ অভিযান ছিল ‘আত্মরক্ষামূলক’ এবং ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
এমন ধারাবাহিক হামলা ও পাল্টা হামলায় পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলজুড়ে নতুন করে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের মত।

