মোঃ শরিফ বিল্লাহ, নীলফামারী প্রতিনিধি:
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীর তিস্তা ব্যারেজ এলাকায় আয়োজিত মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ইটাখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মনিরুজ্জামান গোলাপ ও তার সহকর্মী রফিকুল ইসলাম।
শনিবার (২০ জুন) তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি, নীলফামারী জেলা-এর ব্যানারে তিস্তা ব্যারেজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলার চারটি সংসদীয় আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তারা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং তিস্তা নদীভাঙন, পানির সংকট ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ডালিয়া নতুন বাজার এলাকায় তাদের মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে মনিরুজ্জামান গোলাপের মাথায় গুরুতর আঘাত লাগে এবং রফিকুল ইসলামের মুখ ও হাতে আঘাতপ্রাপ্ত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে চিকিৎসকদের পরামর্শে মনিরুজ্জামান গোলাপের অবস্থার অবনতি হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য রাত ৩টা ৩০ মিনিটে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তিস্তা আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

