সত্যজিৎ দাস:
ঢাকার বনানী ক্লাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘মিউজিক্যাল জার্নি শ্রীমঙ্গল,মৌলভীবাজার’ শীর্ষক ডকুমেন্টারি “রূপসী শ্রীমঙ্গল”। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য,ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত এই অডিও-ভিজ্যুয়াল প্রজেক্টটি দেশি-বিদেশি দর্শকের সামনে নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়েছে নির্মাতারা।
গতকাল বুধবার (২০ মে) উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট বিভাগের তিনজন সংসদ সদস্য ও মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী,এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী।
বক্তারা বলেন,শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য,চা-বাগান ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, “রূপসী শ্রীমঙ্গল” পর্যটন সম্ভাবনাময় এই অঞ্চলের পরিচিতি আরও বাড়াবে।
ডকুমেন্টারিটি লন্ডন প্রবাসী গীতিকবি কায়েস আজিজের রচনায় তৈরি। এতে সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশিফ। নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে অভিনয় করেছেন ফারহান খান রিও ও সিফাত নুসরাত। বিশেষ উপস্থিতিতে রয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর ও রুবাইয়াত জাহান।
গানের মাধ্যমে শ্রীমঙ্গলের নৈসর্গিক সৌন্দর্য, চা-বাগানের জীবন ও মানুষের জীবনধারা তুলে ধরা হয়েছে। আসিফ আকবর ও রুবাইয়াত জাহান দ্বৈত কণ্ঠে গানটিতে অংশ নেন। অনুষ্ঠানে তারা বলেন,শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতিকে গান ও ভিজ্যুয়ালের মাধ্যমে তুলে ধরার এই উদ্যোগ প্রশংসনীয়।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আঁখি আলমগীর,ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব। তারা প্রযোজনাটির প্রশংসা করে বলেন,এ ধরনের কাজ দেশের পর্যটন ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা “রূপসী শ্রীমঙ্গল” এর প্রদর্শনী উপভোগ করেন এবং এর সৃজনশীল উপস্থাপনাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।
ডকুমেন্টারিটি ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

