ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রশাসনের নজরদারিকে উপেক্ষা করে রাতের আঁধারে অবাধে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী বালু সিন্ডিকেট ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী পদ্মা নদীর পাড়, শয়তানখালী ঘাট সংলগ্ন এলাকা এবং বেপারী ডাঙ্গী অঞ্চলে নির্বিঘ্নে বালু উত্তোলন করছে।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন রাত ১০টার পর থেকে পিয়াজখালী পদ্মা নদীর তীরে একাধিক ভেকু মেশিন বসিয়ে নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছে। একই সময়ে শয়তানখালী ঘাট ও বেপারী ডাঙ্গী এলাকাতেও এ ধরনের কার্যক্রম চলতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ কর্মকাণ্ডের পেছনে প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় থাকায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, সারারাত ড্রাম ট্রাকের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটে এবং স্কুলপড়ুয়া শিশুদের পড়াশোনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অবৈধ বালু উত্তোলনের ফলে ইতোমধ্যে নদীতীরবর্তী ফসলি জমি ভাঙনের মুখে পড়েছে এবং বসতবাড়িও হুমকির মধ্যে রয়েছে। পাশাপাশি ধুলাবালির কারণে স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্টসহ নানা রোগ বাড়ছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে ভারী ট্রাক চলাচলের কারণে স্থানীয় সড়কগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে, বর্ষায় সেগুলো কাদায় পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, অব্যাহত এ অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে পরিবেশ, কৃষি ও জনজীবনে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে। তারা দ্রুত প্রশাসনের কঠোর ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

