দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসে গণতন্ত্রকে সুসংহত করার নতুন সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তার মতে, গণতন্ত্র কার্যকরভাবে প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের অন্যান্য সমস্যারও ধীরে ধীরে সমাধান সম্ভব।
তিনি বলেন, স্বাধীন ও প্রভাবমুক্ত বিচার বিভাগ গড়ে তোলা গেলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে। একই সঙ্গে দক্ষ প্রশাসন এবং কার্যকর সংসদীয় কমিটি রাষ্ট্র পরিচালনাকে আরও শক্তিশালী করবে। বিরোধী দল, মতভেদ ও আন্দোলন গণতন্ত্রের স্বাভাবিক অংশ উল্লেখ করে তিনি বলেন, এসবের মধ্য দিয়েই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করে তুলতে হবে।
ভারতের উদাহরণ তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, নানা সংকট থাকলেও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান থাকার কারণেই দেশটির গণতন্ত্র টিকে আছে। স্বাধীন বিচার বিভাগ, দক্ষ প্রশাসন এবং শক্তিশালী গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি হিসেবে কাজ করে বলেও মন্তব্য করেন তিনি।
আইনজীবী ও বিচারকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার আদর্শ সব সময় সমুন্নত রাখতে হবে। তার দাবি, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ এসব মৌলিক মূল্যবোধ থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

