নীলফামারীর ডিমলায় বজ্রপাতে রবিউল আলম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী আরফিনা আক্তার (৩৭) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) গোধূলিবেলায় উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ক্ষেত থেকে শুকনো ভুট্টার গাছ সংগ্রহ করে ফিরছিলেন রবিউল ও তার স্ত্রী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে রবিউলের শরীরে আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় তার স্ত্রী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
নাউতারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। ডিমলা থানার ওসি শওকত আলীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

