কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে চুরির অপবাদে হাত পা বেঁধে স্বামী স্ত্রীর পাশবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ভিডিওর মাধ্যমে প্রকাশ পায়, কৃষিজমিতে কাজ করতে গিয়ে প্রতিবেশীর হাতে মারধরের শিকার হয়েছেন উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামের বাসিন্দা পুনিল সিংহ(৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বুধবার ভোরে নিজ জমিতে কাজ করতে যান পুনিল সিংহ । পাশের জমিতে কৃষিকাজ করছিলেন তার প্রতিবেশী রঞ্জন সিংহ ও তার স্ত্রী। এ সময় পুনিল সিংহের বিরুদ্ধে সবজি চুরির অভিযোগ তুলেন রঞ্জন সিংহ।
অভিযোগের জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি স্থানীয়ভাবে আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের এমন অভিযোগে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে পুনিল সিংহকে তার জমি থেকে ধরে এনে হাত-পা বেঁধে মাটিতে ফেলে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয়।
এ ঘটনায় রঞ্জন সিংহ ও তার স্ত্রী সরাসরি জড়িত বলে জানা গেছে। নির্যাতনের পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সার্জেন্ট রঞ্জন সিংহ দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অনেকেই অভিযোগ করেন, তিনি প্রায়ই অন্যের ফসল নিজের বলে দাবি করেন এবং তার ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।
এ ব্যাপারে অভিযুক্ত রঞ্জন সিংহ ও তার স্ত্রী প্রকাশ্যে কথা বলতে অস্বীকৃতি জানান। তবে গোপনে তারা মারধরের বিষয়টি স্বীকার করলেও এর কারণ প্রকাশ করতে চাননি। তাদের দাবি, এটি পারিবারিক ও সামাজিকভাবে মীমাংসার বিষয়।
অন্যদিকে, আহত পুনিল সিংহ বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এভাবে একজন মানুষকে নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সুস্থ হয়ে ফিরলে আমরা আইনি ব্যবস্থা নেব।
এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখার পরপরই তিনি বিষয়টি খোঁজ খবর নিয়েছেন। তিনি বলেন, ভুক্তভোগীরা আনুষ্ঠানিক অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

