ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সরকারি কলেজের সামনে চা বিক্রেতা ইমামুলের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) সকাল ১১ টায় কলেজ মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঝালকাঠি সরকারি কলেজের মহিলা হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক শাহিন মোল্লা, তার ছোট ভাই তুহিন মোল্লা এবং কলেজের নৈশ্য প্রহরী সুলতান ও তার ছেলে জহিরুলের বিরুদ্ধে কলেজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও বৈদ্যুতিক তার চুরির প্রতিবাদ করায় চা বিক্রেতা ইমামুলের ওপর হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাচেষ্টা বলে দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সানি, শাহিন হাওলাদার, রানা, রবিউল, সাবানা ও জ্যোৎস্না।
বক্তারা আরও বলেন, “একজন সাধারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করায় তার ওপর সন্ত্রাসী কায়দায় হামলা করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত নৈশ্য প্রহরী সুলতানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক শাহিন মোল্লা বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। গভীর রাতে আমাদের গার্ড ও চোরের মধ্যে ধস্তাধস্তিতে দু’পক্ষই আহত হয়। সুষ্ঠু তদন্ত হলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”

