পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত উজ্জ্বল কর্মকার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালাইয়া বন্দর মদন মোহন জিউর আখড়া বাড়ি সংলগ্ন সড়কে “সচেতন সমাজ”-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে নিহত উজ্জ্বল কর্মকারের স্বজন, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্য, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি কৃষ্ণকান্ত কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী সাহেদুল ইসলাম সুমন এবং নিহতের ভাই আনন্দ কর্মকার।
বক্তারা বলেন, উজ্জ্বল কর্মকারকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার দীর্ঘ সময় পার হলেও সব আসামিকে গ্রেফতার না করায় পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরদিয়ারা কচুয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে উজ্জ্বল কর্মকারের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাউফল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এজাহারভুক্ত পাঁচজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

