জাহাঙ্গীর আলম মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘীবাড়ি জঙ্গল এলাকা থেকে আয়না খাতুন (৩৫) নামে এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে ২০২৬) বিকেলে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বনের ভেতরে একটি গজারী গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহত আয়না খাতুন ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, তিনি প্রায় ১১ দিন আগে নিখোঁজ হন। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর বুধবার বিকেলে তার মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে মির্জাপুর থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

