পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে সরকার বিভিন্নমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, কঠিন বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হওয়ায় পরিবেশ সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যার চাপ এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা পরিবেশের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
তিনি জানান, প্লাস্টিক দূষণ কমাতে উপকূলীয় ১২ জেলার ৪০টি উপজেলায় একবার ব্যবহারযোগ্য বা ‘সিঙ্গেল-ইউজ’ প্লাস্টিকের ব্যবহার বন্ধে তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জনগণকে উৎসাহিত করা হবে।
মন্ত্রী আরও বলেন, World Bank-এর সহযোগিতায় ২০৩০ সালের মধ্যে দেশে প্লাস্টিকের ব্যবহার ৫০ শতাংশ এবং উৎপাদন ৩০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি জানান, রাজধানীর আমিনবাজার এলাকায় কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি আধুনিক প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। প্রকল্পটি চালু হলে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
সরকার পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

