মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (সাবেক ভিপি) পাচথোলা ইউনিয়নের বাহেরচরকাতলা গ্রামে স্থানীয় সুধীজন, গণ্যমান্য ব্যক্তি ও তরুণদের সঙ্গে “নির্বাচন, উন্নয়ন ও ভবিষ্যৎ ভাবনা” শীর্ষক এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়ে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অ্যাড. মাসুদ পারভেজ বলেন, “উপজেলার প্রতিটি ইউনিয়নের সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে জনগণের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। তরুণদের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই যুবসমাজকে সঙ্গে নিয়েই একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব উপজেলা গড়ে তুলতে চাই।”
এ সময় উপস্থিত স্থানীয় সুধীজন ও তরুণরা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরেন এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভাটি প্রাণবন্ত আলোচনা ও উন্নয়নমুখী মতবিনিময়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

