শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে এক সুধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পানির যথাযথ ব্যবহারের জন্য সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি বলেন, অতিবৃষ্টিতে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করা যায়, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, সড়ক যোগাযোগ উন্নয়নের পাশাপাশি সারাদেশে রেল যোগাযোগ বাড়ানোর চেষ্টা চলছে, যাতে যানজট ও পরিবহন ব্যয় কমে এবং ফসলি জমি রক্ষা পায়।
তিনি আরও জানান, শিগগিরই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ-এ ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে, যা পর্যায়ক্রমে ১২০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশজুড়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও বলেন তিনি।
ক্রীড়া উন্নয়নের বিষয়ে তিনি বলেন, সিলেটের মাটি থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হবে, যেখানে সারাদেশের প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু অংশ নেবে। এর মাধ্যমে ভবিষ্যতে দেশকে প্রতিনিধিত্ব করার মতো ক্রীড়াবিদ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
এছাড়া, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে যেখানে-সেখানে বর্জ্য না ফেলার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান তিনি।

