বিশ্ববাজারে মূল্যহ্রাসের প্রভাব দেশের স্বর্ণবাজারেও পড়েছে। এর ফলে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। সংস্থাটির ঘোষণা অনুযায়ী, নতুন মূল্য তালিকা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা প্রতি ভরি।
এর আগে গত ১০ জুনও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি মূল্য ৬ হাজার ৫৯১ টাকা হ্রাস করে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এ পর্যন্ত ৭৩ বার স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফা দাম বেড়েছে, আর ৩৬ দফা কমেছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি মূল্য ৫৮ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হবে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪৪ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার দাম বৃদ্ধি এবং ২২ বার হ্রাস করা হয়েছে।

