বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় গেটকা প্রকল্পের আওতায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে আয়োজিত এ সভায় স্থানীয় প্রতিনিধি ও সদস্যরা অংশ নেন।
নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করে, সহযোগিতায় ছিল সুইজারল্যান্ড দূতাবাস বাংলাদেশ ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদার করা জরুরি। আলোচনায় খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ ও জনস্বাস্থ্য বিষয় গুরুত্ব পায়।
আরডিএস প্রতিনিধি আবদুল খালেক স্থানীয় সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। সভা সঞ্চালনা করেন সমন্বয়কারী নিলুফা ইয়াসমিন। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক নেতৃত্বই টেকসই সমাধানের পথ দেখাবে।

