সত্যজিৎ দাস:
শ্রীমঙ্গল সরকারি কলেজে প্রথমবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প,সেবা পেলেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে শ্রীমঙ্গল সরকারি কলেজে প্রথমবারের মতো দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।
ক্যাম্পের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. অনিল কুমার সিনহা,ডায়াবেটিস ও শিশু বিশেষজ্ঞ ডা. নাজেম আল কোরেশী রাফাত, ডেন্টাল সার্জন ডা. জোবায়ের খান এবং সহকারী সার্জন ডা. সোনালী রায়সহ আরও অনেকে। এ সময় বক্তব্য দেন বাংলা বিভাগের প্রধান প্রভাষক সাইফুল ইসলাম।
কলেজ সূত্রে জানা যায়,সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে শিক্ষার্থীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা,প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. সিনথিয়া তাসমিন শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন,সুস্থ শিক্ষার্থীই একটি উন্নত ও সচেতন সমাজ গঠনের ভিত্তি। তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমান বলেন,শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রশাসন নিয়মিত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কলেজ প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবামূলক আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

