টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে পিতা-পুত্রসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ (২০ জুন) শনিবার সকালে উপজেলার টেলকি এলাকার জলই গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু পুত্র নেইমার ম্রং, রতন নকরেক এবং গাবরিয়েল নকরেক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ছাগল পরিত্যক্ত কূপে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধারের জন্য প্রথমে গাবরিয়েল নকরেক কূপে নামেন। তবে কিছু সময় পার হলেও তার কোনো সাড়া না পেয়ে একে একে আরও তিনজন কূপের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তাদেরও কোনো সাড়া না মেলায় স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে কূপের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস সদস্যদের প্রাথমিক ধারণা, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা কূপ বা সেফটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে ছিল।
ওই গ্যাসের প্রভাবে শ্বাসরোধ বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হতে পারে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

