২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার (৬ মে) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, ট্রাইব্যুনালের অনুমতি পেলে ন্যায়বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হয়ে মামলার তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত আছেন।
তবে উভয় পক্ষের শুনানি ও দাখিল করা তথ্য পর্যালোচনার পর ট্রাইব্যুনাল জামিন আবেদন নামঞ্জুর করেন।
এদিকে একই ট্রাইব্যুনালে চলমান আরেক মামলায় রাজধানীর কল্যাণপুরে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় আটজনের মৃত্যুর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন।
অন্যদিকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

