সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আসন্ন শ্রীমঙ্গল সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৭ জুন ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কর্মসূচির (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে তিনি শ্রীমঙ্গল সফর করবেন। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, পৌরসভা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
শুক্রবার (১২ জুন) সকালে সম্ভাব্য অনুষ্ঠানস্থল শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ঢাকাভিত্তিক ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তারেক রহমানের সফর উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভাসহ বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়নকাজ চলছে। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাট,রং করা,মঞ্চ নির্মাণ এবং পরিবেশ উন্নয়নের বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান সফরসূচি সম্পর্কিত বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা গেছে,পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে থাকা পুরোনো ব্যানার ও পোস্টার অপসারণ করা হচ্ছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলকে আরও আকর্ষণীয় ও উপযোগী করে তুলতে সাজসজ্জার কাজও এগিয়ে চলছে।
আয়োজক সূত্রে জানা গেছে,বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ওই দিন ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৮৪ জন উপকারভোগীর মধ্যে এসব কার্ড বিতরণ করা হবে।
মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউএনও মো. জিয়াউর রহমান,সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূরুল আলম সিদ্দিকী,পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপি নেতারা জানান, সফর সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাঠ প্রস্তুতকরণ,সৌন্দর্যবর্ধন এবং অবকাঠামোগত উন্নয়নকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
পরিদর্শন শেষে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন,“আগামী ১৭ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। তিনি নিজ হাতে উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করবেন। শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে তিনি রাজনগরেও যাবেন। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে মঞ্চ নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।”

