আকস্মিক পরিদর্শনের কারণে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, তা ধীরে ধীরে হাসপাতালের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ এবং চিকিৎসা সেবার অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় মন্ত্রী রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের রান্নাঘরেও যান। সেখানে রোগীদের জন্য প্রস্তুত খাবার পরীক্ষা করে তিনি খাবারের মান যাচাই করেন।
তিনি বলেন, চিকিৎসা সেবা ঠিকভাবে দেওয়া হচ্ছে কি না, ডাক্তার ও স্টাফরা দায়িত্ব পালন করছেন কি না—এসব বিষয় দেখতেই এই আকস্মিক পরিদর্শন। পাশাপাশি জরুরি বিভাগে চিকিৎসক উপস্থিতি, পরিচ্ছন্নতা এবং খাবারের মান নিশ্চিত করতে হবে বলেও তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, তার পরিদর্শনের কারণে অনেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বেশি মনোযোগ দিয়েছে, যা একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে।
হামের ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বিভিন্ন সময়ের প্রশাসনিক উদ্যোগ নিয়ে মন্তব্য করেন এবং দ্রুত টিকা কার্যক্রম শুরু করার কথা উল্লেখ করেন।
পরিদর্শন শেষে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে নিয়মিত নজরদারি ও আকস্মিক পরিদর্শনের মাধ্যমে হাসপাতালগুলোর সেবার মান আরও উন্নত হবে।

