জাতীয় ঐক্যকে দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে মতভেদ ও বিতর্ক থাকতেই পারে, তবে তা কোনোভাবেই শত্রুতা বা বিভাজনে পরিণত হওয়া উচিত নয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘স্বাধীনতা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পুরস্কারপ্রাপ্তদের অবদান দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাদের অর্জন আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশের স্বাধীনতার ইতিহাস স্মরণ করে সরকারপ্রধান বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এখন ৫৫ বছরের পথ পেরিয়েছে। তবে উন্নয়ন অগ্রযাত্রার পাশাপাশি এখনো কিছু চ্যালেঞ্জ ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং কর্মসংস্থান সৃষ্টি সরকারের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও দক্ষতাভিত্তিক করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
নারী নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী; তাদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি সত্ত্বেও জনগণের স্বার্থে সরকার দাম না বাড়িয়ে ভর্তুকির মাধ্যমে পরিস্থিতি সামাল দিচ্ছে বলেও জানান তিনি। এ কারণে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

