মো: ইকরাম হাসান, দাউদকান্দি উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিলের খালি বোতলের ছড়াছড়ি দেখা গেছে। সরকারি গুরুত্বপূর্ণ এই স্থাপনার ভেতরে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং সিসিটিভি নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এসব মাদকের বোতল সেখানে এল, তা নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরের মতো একটি সুরক্ষিত সরকারি এলাকায় নিয়মিত মাদকসেবীদের আনাগোনা চলছে।
প্রশাসনের নাকের ডগায় এবং সিসিটিভি ক্যামেরার নজরদারির মধ্যে কীভাবে এই অপরাধমূলক কর্মকাণ্ড দিনের পর দিন চলছে, তা নিয়ে সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারি এই গুরুত্বপূর্ণ দপ্তরে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের ভূমিকা এবং সিসিটিভি নজরদারির কার্যকারিতা নিয়েও নাগরিকরা প্রশ্ন তুলেছেন। সচেতন নাগরিকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়িত্বরতদের অবহেলার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

