মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে গত এক সপ্তাহ ধরে ডিমের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। হঠাৎ করে ডজনে প্রায় ২০ টাকা পর্যন্ত দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা।
সোমবার (৪ মে) বিকেলে বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগেও প্রতি ডজন ডিম ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১২০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে।একইভাবে ৩০ পিসের একটি ট্রে ডিম, যা আগে ২৪০ থেকে ২৫০ টাকায় পাওয়া যেত, এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকায়। অর্থাৎ প্রতি ১০০ ডিমে প্রায় ১৫০ টাকার বেশি দাম বেড়েছে।
এমন আকস্মিক মূল্যবৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যপণ্য কিনতে গিয়ে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। অনেকেই অভিযোগ করেছেন, প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা ডিম এখন অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে।
খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজারে ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে খুচরা বাজারেও দাম বাড়াতে হচ্ছে।
তারা আরও বলেন, দাম বাড়ার কারণে বিক্রিও আগের তুলনায় কমে গেছে।
এদিকে ভোক্তাদের দাবি, বাজারে মনিটরিং জোরদার না হলে এই ধরনের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। প্রশাসনের হস্তক্ষেপে বাজার স্থিতিশীল করার আহ্বান জানিয়েছেন তারা।

