আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষা ও গবেষণাভিত্তিক সংগঠন ‘চিটাগং ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব’ (সিইউইসি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ‘Pathway to Research & Beyond’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তা, দক্ষতা উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ।
মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
অনুষ্ঠানে তিনি বলেন, একজন শিক্ষকের মূল দায়িত্ব শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অনুসন্ধানের আগ্রহ তৈরি করা। বর্তমান সময়ে প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তির বিস্তৃত সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে সহায়ক পরিবেশ তৈরিতে এ ধরনের ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি এডুকেশন ক্লাবের সফলতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণাকেন্দ্রিক সংগঠনের সংখ্যা বাড়ানো প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও জ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি পাবে। তিনি বলেন, বর্তমান প্রজন্ম নিজ উদ্যোগে দক্ষতা অর্জনে সচেষ্ট, যা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইইআর) পরিচালক অধ্যাপক ড. উদিতি দাশ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।
এ ছাড়া আমন্ত্রিত বক্তা হিসেবে আইইআরের সহকারী অধ্যাপক তাসনিয়া রুবায়েত এবং প্রভাষক সায়েদা ফারেহা লাহারেন শিক্ষার্থীদের উদ্দেশে গবেষণা, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ে আলোচনা করেন। তাঁরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও গবেষণামুখী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনটির সভাপতি ঋতু ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক ফারহান বিন আলমসহ অন্যান্য সদস্যরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তানভীর কায়েস লিওন।
বক্তারা আশা প্রকাশ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব শিক্ষার্থীদের মেধা বিকাশ, গবেষণা চর্চা এবং দক্ষতা উন্নয়নে আগামী দিনে কার্যকর ভূমিকা পালন করবে।

