ভারতের এলাহাবাদ হাইকোর্ট গঙ্গা নদীতে আমিষ খাবারের বর্জ্য ফেলার অভিযোগে গ্রেপ্তার পাঁচ মুসলিম যুবকের জামিন মঞ্জুর করেছে। একই সঙ্গে আদালত বিষয়টি নিয়ে পর্যবেক্ষণে ধর্মীয় অনুভূতির প্রসঙ্গও তুলে ধরেন।
আদালতের মতে, গঙ্গা নদীতে আমিষ বা অ-নিরামিষ খাবারের উচ্ছিষ্ট ফেলা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। তবে মামলার পরিস্থিতি, অভিযুক্তদের আচরণ ও তাদের অনুতাপ বিবেচনায় নিয়ে আদালত জামিনের সিদ্ধান্ত দেয়।
মামলার বিবরণ অনুযায়ী, বারাণসীতে গঙ্গা নদীতে একটি নৌকায় ইফতারের আয়োজন করা হয়। সেখানে খাবারের পর অবশিষ্টাংশ নদীতে ফেলার অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হলে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।
পুলিশের পক্ষ থেকে ধর্মীয় স্থান অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা রুজু করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সামাজিক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্য ছিল বলে অভিযোগ আনা হলেও তারা আদালতে অনুতাপ প্রকাশ করে ক্ষমা চান বলে জানানো হয়।
এর আগে নিম্ন আদালত তাদের জামিন আবেদন নাকচ করলেও উচ্চ আদালত দীর্ঘ শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করে। আদালত পর্যবেক্ষণে জানায়, অভিযুক্তদের পূর্ব অপরাধের কোনো রেকর্ড নেই এবং তারা ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

