মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৮০ বোতল স্ক্যাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (০৭ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২’র কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (০৬ মে) সকালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল বাজার থেকে সলঙ্গাগামী সড়কের হাসানের হার্ডওয়্যার দোকানের সামনে অভিযান চালানো হয়। অভিযানে মাদক পরিবহনের সময় ১৮০ বোতল স্ক্যাফ সিরাপ উদ্ধার এবং এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন মো. শহীদুল ইসলাম (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোগাছা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে স্ক্যাফ সিরাপ সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে

