মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ভূসিবোঝাই ট্রাকের পেছনে আলুবোঝাই অপর একটি ট্রাকের ধাক্কায় আলু বোঝাই ট্রাকের চালক ও চালকের সহকারী নিহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার সৌলা এলাকার মাদ্রাসার সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, ট্রাক চালক হানিফ মন্ডল (৫০) ও চালকের সহকারী বেতবুনিয়া গ্রামের শরিফুল ইসলাম (৪৩)। তারা দুইজনই খুলনা পাইকগাছা এলাকার।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে আলু বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে আগে থেকেই ভূসি বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় আলু বোঝাই একটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় আলু বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে যায় এবং ট্রাকের ভেতরে চালক ও চালকের সহকারী আটকা পড়েন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় ফায়ার সার্ভিসের দল দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের কেবিন থেকে চালকের সহকারী শরিফুলের মরদেহ ও চালক হানিফ মন্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহত চালককে চিকিৎসার জন্য ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর হওয়ায় চিকিৎসক জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন। পরে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে চালক হানিফ মন্ডলের মৃত্যু হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ভোরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই আলু বোঝাই ট্রাকচালকের সহকারী এবং পরে চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

