এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
শনিবার (০৪ জুলাই ২০২৬) অনুষ্ঠিত পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা ও পরীক্ষা পরিচালনার কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্রসংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে তিনি সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সরকারি মতিলাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ সত্যজিৎ দত্ত, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক পরীক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, শিক্ষক ও দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকতার প্রশংসা করেন এবং পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও অনুকূল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

