মোঃ নুর আলম গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি:
টাংগাইলের গোপালপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোপালপুর উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাইমিনুল ইসলাম তোহা। প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক জেলা শিবির সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ফরহাদ আলী।
এ সময় পৌর ছাত্রশিবিরের সভাপতি আতিব ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাথী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিকতা ও সঠিক দিকনির্দেশনা দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানান।

