উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে এই ব্যাধি নির্মূল করতে হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ বাহিনী নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে। ইতোমধ্যে বরিশাল জেলা পুলিশ সদস্যদের ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে—এ বিষয়ে কোনো আপস নেই।
সোমবার (২৭ এপ্রিল) বরিশাল জেলার উজিরপুর মডেল থানা কমপ্লেক্সে প্রায় ৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক চারতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এবং মোহাম্মদ রফিকুল ইসলাম-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
মাহফুজুর রহমান মাসুম

