বাস-ট্রাকসহ সব ধরনের পরিবহণের নতুন ভাড়া নির্ধারণে আগামী বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আজকের বৈঠকে ভাড়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আরও আলোচনা শেষে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি জানিয়েছে, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের ঊর্ধ্বগতির কারণে পরিবহণ পরিচালনা ব্যয় বেড়ে গেছে। এতে যানবাহনের যন্ত্রাংশ আমদানি ও রক্ষণাবেক্ষণ খরচও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পরিবহণ খাতের নেতারা বলছেন, এ পরিস্থিতিতে খাতটির স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি মূল্য ও পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ভাড়া সমন্বয় প্রয়োজন।
এর আগে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ভাড়া বৃদ্ধির একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্টদের মতে, শিগগিরই মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

