আর্জেন্টিনা ফুটবল দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার এবং লিওনেল মেসির ঘনিষ্ঠ সহযোদ্ধা রদ্রিগো ডি পল এবার মাঠের পারফরম্যান্সের বাইরে ভিন্ন কারণে আলোচনায় এসেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক এক বিশ্লেষণে তাকে এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় চেহারার ফুটবলার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
‘ড্রিমজিএফ’ নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান বিশ্বের জনপ্রিয় প্রায় ১৫০ জন ফুটবলারের ছবি বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে। গবেষণায় ব্যবহার করা হয়েছে ‘গোল্ডেন রেশিও’ নামক গাণিতিক সূত্র, যা মুখাবয়বের ভারসাম্য ও সৌন্দর্য নির্ধারণে ব্যবহৃত হয়ে থাকে।
গুগল সার্চে প্রাপ্ত ফুটবলারদের ছবির ওপর ভিত্তি করে করা এই বিশ্লেষণে রদ্রিগো ডি পল পেয়েছেন ৭৪.১৮ শতাংশ স্কোর, যা তাকে শীর্ষে স্থান দিয়েছে। খুব সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ, যার স্কোর ৭৪.১০ শতাংশ। তৃতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের ননি মাদুয়েকে, ৭৩.২৯ শতাংশ স্কোর নিয়ে।
তালিকার শীর্ষ পাঁচে আরও রয়েছেন মিসরের মোহাম্মদ সালাহ এবং ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনড্রিক। মাত্র এক শতাংশেরও কম ব্যবধানে শীর্ষ পাঁচের বাইরে থেকে গেছেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন।
ড্রিমএআই-এর প্রধান নির্বাহী গেওর্গি দিমিত্রভ জানান, এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে সম্পূর্ণ বৈজ্ঞানিক জ্যামিতিক বিশ্লেষণের ভিত্তিতে, যেখানে জনপ্রিয়তা বা মাঠের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়নি। তার মতে, অনেক বড় তারকা ফুটবলারও এই তালিকায় প্রত্যাশিত অবস্থানে জায়গা পাননি।
এদিকে ফরাসি ফুটবলারদের মধ্যে রায়ান চেরকি ২২তম স্থানে আছেন। এর পরের অবস্থানগুলোতে রয়েছেন নেইমার জুনিয়র ও জুড বেলিংহাম।
সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থান। ফিটনেস ও লুক নিয়ে বিশ্বজুড়ে পরিচিত এই তারকা এআই বিশ্লেষণে ৪৫তম স্থানে রয়েছেন, যা অনেক ভক্তের জন্য চমক হিসেবে দেখা হচ্ছে।

