মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মো. কামরুল (৩২) বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে। আহতরা হলেন একই এলাকার জমির মালিক গোলজার (৩৫) ও দিনমজুর নূরনবী (৩০)। তাদের বাবার নাম যথাক্রমে হায়দার আলী ও ইনসান আলী।
স্থানীয় ইউপি সদস্য ময়নুল ইসলাম জানান,সকাল থেকেই এলাকায় টানা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ধানক্ষেতে কাজ করছিলেন কামরুল, গোলজার ও নূরনবী। কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুল মারা যান। এ সময় আহত হন অপর দুইজন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

