ইরানের চারটি প্রধান ব্যাংকে সাইবার হামলার ঘটনায় সাময়িকভাবে আর্থিক সেবা ব্যাহত হয়েছে। তবে এতে কোনো গ্রাহকের তথ্য চুরি বা অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ। খবরটি প্রকাশ করেছে রয়টার্স।
ব্যাংকিং সমন্বয় পরিষদের তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল ব্যাংক মেল্লি, ব্যাংক তেজারাত, ব্যাংক সাদেরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান-এর ব্যবহৃত একটি যৌথ যোগাযোগ ব্যবস্থা।
সিস্টেমে অস্বাভাবিকতা শনাক্তের পরপরই দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে গ্রাহকের তথ্য ও ব্যাংকিং অবকাঠামো সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
বর্তমানে ক্ষতিগ্রস্ত সেবা পুনরুদ্ধারের কাজ চলছে এবং ব্যাংকিং কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে।

