ঝালকাঠি প্রতিনিধি:
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ঝালকাঠিতে স্বেচ্ছায় রক্তদান ও মানবসেবায় বিশেষ অবদান রাখা রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (১৪ জুন) জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে ‘রক্তযোদ্ধা সম্মাননা-২০২৬ (সিজন-০৬)’ অনুষ্ঠানের আয়োজন করে ইয়াস ব্লাড ব্যাংক, ঝালকাঠি।
“এসো রক্তদানে এগিয়ে যাই” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং নেজারত ও ট্রেজারি শাখার সহকারী কমিশনার মো. ফজলে রাব্বি আসিফ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মো. আককাস সিকদারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান, রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা এবং মানবিক সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের ‘রক্তযোদ্ধা সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন রক্তদাতার দেওয়া এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। সমাজের তরুণদের আরও বেশি করে রক্তদানে উদ্বুদ্ধ করতে হবে। রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ রক্ত নিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের কোনো বিকল্প নেই। মানবতার সেবায় নিবেদিত রক্তদাতাদের সম্মাননা প্রদানের মাধ্যমে নতুন প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করা সম্ভব হবে।
সভা শেষে সম্মাননাপ্রাপ্ত রক্তদাতাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিরা ইয়াস ব্লাড ব্যাংকের বিভিন্ন মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

