চট্টগ্রামে ডিবি পুলিশের পরিচয়ে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরীর লালখানবাজার ফ্লাইওভারের প্রবেশমুখে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।
নাঈম হাসানের ভাষ্য অনুযায়ী, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে তিনি বিমানযোগে চট্টগ্রামে ফেরেন। বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করেন। পরে তাকে জোর করে একটি পুলিশ গাড়িতে তোলা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
জাতীয় দলের এই অফ-স্পিনার জানান, প্রথমে ডিবি পরিচয় দিয়ে তার পরিচয়পত্র ও অন্যান্য বিষয় যাচাই করা হয়। এরপর সাদা পোশাকে থাকা এক ব্যক্তি এবং সঙ্গে থাকা দুই পুলিশ সদস্য তাকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
নিজের পরিচয় জাতীয় দলের ক্রিকেটার হিসেবে দেওয়ার পরও হয়রানি বন্ধ হয়নি বলেও দাবি করেছেন নাঈম হাসান। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

