দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পারিবারিক আয় বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি’র আয়োজনে নিজপাড়া ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ হাজার টাকা করে মোট ৭ লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার, প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা এবং লাইভলিহুড টেকনিক্যাল স্পেশালিস্ট তাহমিদুর রহমান।
বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচনে নগদ সহায়তা একটি কার্যকর উদ্যোগ। এই সহায়তা প্রান্তিক পরিবারগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে ভূমিকা রাখবে। তারা আরও বলেন, প্রাপ্ত অর্থ সঠিকভাবে বিনিয়োগ করতে পারলে পরিবারগুলোর আয় বৃদ্ধি পাবে এবং টেকসই জীবিকা গড়ে উঠবে।
আয়োজকরা জানান, এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সুবিধাভোগী পরিবারগুলোর জীবনমান উন্নয়নে এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।

