মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় ৪৫০ ফুট (৩শত হাত) দীর্ঘ আর্জেন্টিনার জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ফুটবলপ্রেমী সমর্থকরা। শুক্রবার বিকেলে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় কয়েক শতাধিক সমর্থক আর্জেন্টিনার জার্সি পরে এবং হাতে পতাকা ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় তারা প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। শোভাযাত্রার অগ্রভাগে থাকা সমর্থকেরা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। ঢাক-ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্রের তালে তালে আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ মিছিলে অংশ নেন। তাদের স্লোগান, গান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পৌর শহরের বিভিন্ন সড়ক।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
শোভাযাত্রাটি কেন্দুয়া জয়হরি স্পাই উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথচারী ও স্থানীয় বাসিন্দারাও ব্যতিক্রমী এ আয়োজন উপভোগ করেন।
আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ৩০০ হাত বা প্রায় ৪৫০ ফুট দীর্ঘ পতাকা বহনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
শোভাযাত্রায় অংশ নেওয়া একাধিক সমর্থক বলেন, ফুটবল আমাদের আবেগের জায়গা। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই আমরা এই আয়োজন করেছি। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর মতে, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক বন্ধন ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করতে ব্যতিক্রমধর্মী এ আয়োজনের উদ্যোগ নেন স্থানীয় সমর্থকেরা। বিশাল আকৃতির পতাকা ও বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে সড়কের পাশে ভিড় করেন শত শত মানুষ।

