শরীয়তপুর প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহা সাংগ্রাই জলকেলি উৎসব ১৩৮৮। তিন দিনব্যাপী এ উৎসব ১৬, ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর থেকে উৎসবের মূল আয়োজন জমে ওঠে। এতে অংশ নেন বিভিন্ন বয়সী নারী ও শিশুরা। তারা নিজস্ব সংস্কৃতি অনুযায়ী বর্ণিল সাজে সেজে গান ও নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি ঐতিহ্যবাহী জলকেলিতে অংশ নিয়ে একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে উপস্থিত স্বেচ্ছাসেবক ও রাখাইন সমাজসেবক অন্নময় তালুকদার বলেন, রাখাইন নববর্ষ ১৩৮৮ বরণ এবং সাংগ্রাই মহা উৎসব উদযাপন উপলক্ষে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও উৎসবটি জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে।
তিনি আরও জানান, গতকাল থেকে শুরু হওয়া এ উৎসব তিন দিনব্যাপী চলবে। এতে রাখাইন সম্প্রদায়ের ব্যাপক অংশগ্রহণের আশা করা হচ্ছে এবং সবার সহযোগিতায় উৎসবটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।
স্থানীয়দের ভাষ্য, একসময় কুয়াকাটায় রাখাইনদের সংখ্যাধিক্য থাকলেও বর্তমানে তাদের সংখ্যা কমে এসেছে। এখন সব মিলিয়ে প্রায় এক হাজারের মতো রাখাইন জনগোষ্ঠীর বসবাস রয়েছে এলাকায়।

