ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আনুষ্ঠানিকভাবে পদত্যাগের পরপরই দিল্লির যন্তর মন্তরে চলা বহুল আলোচিত ছাত্র আন্দোলন অবিলম্বে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) সন্ধ্যায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণার মাধ্যমে দীর্ঘ ৩৬ দিন ধরে চলা অনড় আন্দোলনের সমাপ্তি টানা হলো।
সংবাদ সম্মেলনে সিজেপির কেন্দ্রীয় মুখপাত্র সৌরব দাস ও আশুতোষ রঙ্কা এবং ভারত সরকারের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং যৌথভাবে উপস্থিত ছিলেন।
মেনে নেওয়া হয়েছে আন্দোলনকারীদের ৩ দফা দাবি
সংবাদ সম্মেলনে সিজেপির প্রতিনিধিরা জানান, সরকারের সদিচ্ছা ও লিখিত আশ্বাসের ওপর পূর্ণ আস্থা রেখেই তারা প্রতিবাদের সমাপ্তি ঘোষণা করছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাঁদের অপর দাবিগুলোও মেনে নেওয়া হয়েছে:
শিক্ষামন্ত্রীর পদত্যাগ: আন্দোলনের মূল শর্ত অনুযায়ী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা কার্যকর করা হয়েছে।
আইনি সুরক্ষা ও মামলা প্রত্যাহার: আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ যেসব মামলা করেছিল তা অনতিবিলম্বে প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনো ধরণের প্রশাসনিক বা আইনি হয়রানি না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ক্ষতিপূরণ প্রদান: নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস ও অনিশ্চয়তার কারণে আত্মঘাতী হওয়া শিক্ষার্থীদের পরিবারগুলোকে সরকারি বিধিমোতাবেক সর্বোচ্চ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রঙ্কা জানান, এটি ভারতের সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ঐতিহাসিক জয়। দীর্ঘ ৩৬ দিন ধরে রাজপথে থাকা আন্দোলনকারী, অনশনকারী ও সমর্থন দেওয়া সকল তারকা ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে সব বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদস্থল ত্যাগ করে নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি নেতৃত্ব।

