কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র,গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফের জাদিমুড়া এলাকার নাফ নদীর তীরে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়,বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী এলাকায় অবৈধ অনুপ্রবেশ,মাদক চোরাচালান, মানবপাচার ও অস্ত্র পাচার রোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সশস্ত্র গোষ্ঠী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সীমান্ত এলাকা ব্যবহার করে পাচারের উদ্দেশ্যে জাদিমুড়া এলাকায় মাটির নিচে মজুত করে রেখেছে।
পরে কোস্ট গার্ডের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ২টি 36M Mk-I হ্যান্ড গ্রেনেড,৮টি 40 মিমি এইচইডিপি (HEDP) গ্রেনেড এবং ২৮ রাউন্ড ৭.৬২ মিমি তাজা গুলি উদ্ধার করে। একই অভিযানে ২ কেজি গাঁজাও জব্দ করা হয়।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত বিস্ফোরক ও গোলাবারুদ অসাধু চক্রের হাতে পড়লে বড় ধরনের নাশকতার ঝুঁকি ছিল। সময়মতো অভিযান পরিচালনার মাধ্যমে সম্ভাব্য বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র,গোলাবারুদ ও মাদকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও সন্ত্রাসী তৎপরতা দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

