ঠাকুরগাঁও প্রতিনিধি:
“আমরা দেশে শিল্পকারখানা তৈরি করতে চাই। এ অঞ্চলে নতুন শিল্পকারখানা নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী দু-এক মাসের মধ্যেই চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তবে সব সময় মনে রাখতে হবে, আমাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। তাহলেই আমরা স্বনির্ভর জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে পারব।”
শুক্রবার (১২ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার জোরালো আশ্বাস দেন।
অনুষ্ঠানে চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের উদাহরণ টেনে মির্জা ফখরুল বলেন, “কোনো জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আজকে চীন যে বিশ্বের বুকে অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, তা তাদের নিজেদের কঠোর চেষ্টায় হয়েছে। তারা তাদের ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে এবং উৎপাদনমুখী কাজ করে উন্নত হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, শিশুদের যথাযথ উন্নয়নে এবং তাদের যুগের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষা খাতে বিভিন্ন বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, স্কুলের শিক্ষার্থীদের শুধু গণ্ডিবদ্ধ শিক্ষা নয়, বরং এমনভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে যাতে তারা ভবিষ্যতে দেশের প্রকৃত সম্পদ হয়ে উঠতে পারে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঠাকুরগাঁও তথা এই অঞ্চলের উন্নয়নে চীনের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমি আজ এখানে কথা দিয়ে যাচ্ছি, চলতি বছরের জুলাই বা আগস্ট মাসের মধ্যেই চীনের একটি বিশেষ প্রতিনিধিদল এই অঞ্চলে আসবে এবং শিল্পায়নের বিষয়ে মাঠপর্যায়ের কাজ শুরু করবে।”
আলোচনা সভা ও অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা ঠাকুরগাঁও পৌর শহরের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬ হাজার ৩০৮ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেন।

