ইরানের তেল কেনার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর চীনের অন্যতম বৃহৎ স্বাধীন পরিশোধনকারী প্রতিষ্ঠান হেংলি পেট্রোকেমিক্যাল এর শেয়ারদর বড় ধরনের পতনের মুখে পড়েছে। সোমবার সকালে কোম্পানিটির শেয়ারদর প্রায় ১০ শতাংশ কমে যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, প্রতিষ্ঠানটি ইরানের অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের অন্যতম বড় ক্রেতা। সংস্থাটির দাবি, কোম্পানিটি ইরানি তেল কিনতে বিলিয়ন ডলার ব্যয় করেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছে হেংলি পেট্রোকেমিক্যাল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে তাদের কোনো ধরনের বাণিজ্যিক লেনদেন নেই।
এদিকে চীন এই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে। বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্র একতরফাভাবে অবৈধ নিষেধাজ্ঞা দিচ্ছে এবং বাণিজ্য ও প্রযুক্তি খাতকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার অপব্যবহার বন্ধে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
সুত্র: আলজাজিরা

