মো. আলম, বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেলের বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গা (৯) নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর দেড়টার দিকে বাইশফাঁড়ী সীমান্তবর্তী ৩৯ ও ৪০ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমিনাইং তঞ্চঙ্গা বাইশফাঁড়ী তঞ্চঙ্গ্যা গ্রামের কিংহলার ছেলে।
স্থানীয় ও জনপ্রতিনিধিরা জানান, সকালে সুমিনাইং তার মায়ের সঙ্গে জুমে কাজ করতে যায়। দুপুরের দিকে জুমবাগানের নিচে মিয়ানমার সীমান্তের কাঁটাতারের পাশে একটি পরিত্যক্ত মর্টার শেল কুড়িয়ে পায়। পরে সেটি জুমঘরে নিয়ে গিয়ে খেলতে থাকে। এ সময় হঠাৎ মর্টার শেলটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল চাকমা বলেন, “মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে এক শিশু নিহত হয়েছে।”
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “সীমান্ত এলাকায় জুমে কাজ করতে গিয়ে এক শিশু নিহত হয়েছে। কীভাবে ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। মরদেহ উদ্ধার করে আনা হয়েছে।”
এ বিষয়ে কক্সবাজার রামু বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেলের বিস্ফোরণে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

