মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদরের ঐতিহ্যবাহী ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে কাঁচাবাজার বসানোর উদ্যোগের প্রতিবাদে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ফুঁসে উঠেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২ জুন) মাঠ সুরক্ষার দাবিতে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে একদল কাঁচাবাজার ব্যবসায়ী বিদ্যালয়ের খেলার মাঠে দোকান বসানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে।
প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মাঠে দোকান বসানোর পরিকল্পনা বন্ধের দাবি জানান। তারা স্পষ্টভাবে বলেন, বিদ্যালয়ের মাঠ কোনোভাবেই বাণিজ্যিক কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এবং মাঠের পরিবেশ রক্ষায় প্রয়োজনে আরও কর্মসূচি দেওয়া হবে।
পরে শিক্ষার্থীরা মাঠের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন এবং সুরক্ষার স্বার্থে চাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের কাছে জমা দেন।
এ বিষয়ে ইউএনও মাহমুদা জাহান বলেন, “আমি নিজেও বিদ্যালয়ের মাঠে দোকান বা বাজার বসানোর বিরুদ্ধে। মাঠ শুধু শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উন্মুক্ত থাকবে। খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে উপজেলা প্রশাসন ভবিষ্যতে আরও উদ্যোগ নেবে।”
সাক্ষাৎকালে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের মাঠ ও সম্পত্তি রক্ষায় তারা সর্বদা সচেষ্ট থাকবেন। প্রশাসনের আশ্বাসে তারা আশ্বস্ত হয়েছেন এবং শিক্ষার পরিবেশ ও খেলাধুলার অধিকার রক্ষায় কোনো ধরনের অপতৎপরতা সহ্য করা হবে না।

