আবু রায়হান,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈকত মোল্লা (২৮) অসুস্থতাজনিত কারণে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি তার পরিবার ও সহকর্মীরা নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সৈকত মোল্লাকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশালের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের বরাতে জানা যায়, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।
মোহাম্মদ সৈকত মোল্লা উপজেলার কালিশুরি ইউনিয়নের বাসিন্দা লাল মোহাম্মদ লালু মোল্লার ছেলে। চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার। এছাড়াও যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

